গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার মহিউদ্দিন (১৫) হত্যার দায়ে ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ-প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর একটি ধারায় প্রত্যেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রহ্মণগাঁও এলাকার আ. কাদিরের ছেলে শামীম, বাচ্চু মোল্লার ছেলে নূরুল ইসলাম, মজনু সরকার ওরফে মজলু সরকারের ছেলে সাদ্দাম হোসেন, আব্দুস ছালাম ওরফে ছেলামের ছেলে শফিকুল ও ছমির উদ্দিনের ছেলে বাবু। রায় ঘোষণার সময় সাদ্দাম হোসেন ও বাবু উপস্থিত থাকলেও অপর তিন আসামি পলাতক রয়েছে।
গাজীপুর জজ আদালতের এপিপি মো. মকবুল হোসেন ভূইয়া জানান, ২০০৮ সালের ১৬ অক্টোবর কালীগঞ্জের ব্রাহ্মণগাঁও এলাকার ফজলুর রহমানের ছেলে মহিউদ্দিন তার মোবাইলে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পর দিন স্থানীয় ময়েজ উদ্দিনের বাড়ির পাশের বিলে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা ফজলুর রহমান বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১০জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মকবুল হোসেন কাজল, আতাউর রহমান খান, আব্দুল করিম (ঠান্ডু)। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. হানিফ শেখ ও বেগম জেবুন্নেছা মিনা।
ইত্তেফাক/এমআই