‌‌'নির্বাচন কমিশন শেখ হাসিনার, দেশের জনগণের নয়'

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে উদ্দেশ করে বিএনপি’র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‌'সরকার আপনাকে হারিকেন দিয়ে খুঁজে খুঁজে নিয়ে এসে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছে। এখন আপনি প্রধানমন্ত্রীর সুরেই কথা বলছেন। সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি কাজ করছেন। আপনি রকিব মার্কা নির্বাচনের মতোই নির্বাচন করতে চাচ্ছেন। আপনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কঠিন হবে। তাই এ নির্বাচন কমিশন শেখ হাসিনার, দেশের জনগণের নয়।' 
 
বুধবার দুপুরে নগরীর বাদুরতলা ধর্মসাগর পাড় এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 
 
রিজভী বলেন, দেশের ১৮ লাখ মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। সরকার এটিকে মহামারী বলতে নারাজ। মশা মারার নামে লাখ লাখ টাকা লোপাট করা হচ্ছে। 
 
তিনি বলেন, দুর্গত অঞ্চলে ত্রাণ নেই। মানুষ বহু কষ্টে জীবন-যাপন করছে। সরকারের এ ব্যর্থতাকে আড়াল করতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন,  তিনি দেশ ছাড়েননি। বরং দেশ ছেড়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী। এসময় মোস্তাক মিয়া, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আহমেদ, কামরুল হুদাসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআই