কুষ্টিয়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের ফাঁসি

 
কুষ্টিয়ায় ঈশিতা (৭) নামে এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় জাহিদ মণ্ডল নামে একজনের ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৫ ডিসেম্বর বিকেলে জেলার কুমারখালী উপজেলার উত্তর যদুবয়রা গ্রামের একটি মাঠে মা লিপি খাতুনের সাথে মেয়ে ঈশিতা খাতুন ঘাস কাটতে গিয়েছিল। এসময় কয়েকজন বখাটে শিশু ঈশিতাকে ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করে। ঘটনার পর উত্তর যদুবয়রা গ্রামের শওকত মণ্ডলের জমির শ্যালো মেশিন ঘরের কাছ থেকে এলাকাবাসী ঈশিতার লাশ উদ্ধার করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা মো. ইসারুল শেখ বাদী হয়ে কুমারখালী থানায় জাহিদ মণ্ডলসহ অজ্ঞাত আরো দুই/তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
 
পরে পুলিশ জাহিদ মণ্ডলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ জাহিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন। পুলিশ প্রতিবেদন ও দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ফাঁসির ওই রায় ঘোষণা করে। রায় ঘোষণার সময় জাহিদ মণ্ডল আদালতে উপস্থিত ছিলেন।
 
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. মিয়া মোহম্মদ রেজাউল হক। কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, 'আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি জাহিদ মণ্ডলের বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেন।
 
ইত্তেফাক/জামান