সৎ মেয়েকে ধর্ষণের কথা স্বীকার জবানবন্দি

সৎ মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের শব্দ প্রকৌশলী আরমান হোসেন সুমন। 
 
বুধবার দুপুরে আরমান হোসেন (৩৮) ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীবের খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 
 
ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই মো. শরীফুল ইসলাম বলেন, দুই দিনের রিমান্ড শেষে আরমান হোসেনকে আদালতে হাজির করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের পরিদর্শক নাজমুল নিশান। এরপর আরমান ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেন।
 
গত ১১ জুলাই রাজধানীর রমনা মডেল থানায় বিশ বছর বয়সী এক তরুণী মামলা দায়ের করেন। মামলার অভিযোগে ওই তরুণী দাবি করেন, তার মায়ের সঙ্গে পিতার ছাড়াছাড়ি হয়ে যায়। ২০০৫ সালে আরমান হোসেনকে বিয়ে করেন তার মা। দ্বিতীয় বিয়ের এক বছর পর থেকেই সে মায়ের কাছে থাকা শুরু করে।  চাকরির কারণে তার মা মোহাম্মদপুরের নুরজাহান রোডের বাড়ি থেকে সকালে কর্মস্থলে চলে যেতেন। ২০০৮ সালের কোন একদিন দুপুরে তাকে আরমান প্রথমে ধর্ষণ করে। ওই সময় সে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। ধর্ষণের আপত্তিকর ছবি মোবাইলে তুলে রাখে আরমান। ছবি ও ভিডিও প্রকাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আরমান এরপর থেকে তাকে প্রায়ই ধর্ষণ করে আসছিল। 
 
 
ইত্তেফাক/ইউবি