সোহেল সারোয়ার চঞ্চল
আন্তর্জাতিক ফুটবল ব্যস্ততার কারণে টানা একত্রিশ দিন প্রিমিয়ার ফুটবল লিগের খেলা বন্ধ ছিল। আজ থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে লিগের খেলা। আজ ঢাকা এবং ময়মনসিংহে খেলা হবে। কাল থেকে অন্য ভেন্যুগুলোতেও খেলা শুরু হবে বলে বাফুফে জানিয়েছে।
লিগের প্রথম পর্বের ৬০টি খেলা হয়ে গেছে। বাকি ১৮ ম্যাচ পূর্ব ঘোষিত ফিকশ্চার অনুযায়ী ২০ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। অথচ দুর্ভাগ্য হচ্ছে এখনও লিগ কমিটি জানাতে পারেনি লিগের স্পন্সর প্রতিষ্ঠানের নাম। এরই মধ্যে সাইফ স্পোর্টিং এবং চট্টগ্রাম আবাহনীর ম্যাচ নিয়ে পাতানো খেলার অভিযোগ উঠলেও কোনো সিদ্ধান্ত হয়নি। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলছে বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি। যেটি এখনো শেষ হয়নি। আরো দুই ফুটবলারের সঙ্গে কথা বাকি রয়েছে বলে গতকাল কম্পিটিশন কমিটির কর্তা জাবের বিন আনসারী জানিয়েছেন। তিনি বলেন, ‘কবে ডাকা হবে সেটি এখনও জানায়নি কমিটি।’
মাসখানেক বন্ধ থাকার সময়ে আন্তর্জাতিক ফুটবল নিয়ে ব্যস্ত ছিল ফুটবল দল। ৯ মার্চ কম্বোডিয়ায় জাতীয় ফুটবল দলের ফিফা প্রীতি ম্যাচ, কাতারে অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প, সেখানে ক্লাব দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ, ১টিতে জয়, ১টিতে ড্র করে। সেখান থেকে বাহারাইনে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় অংশ নিতে গিয়েছিল। সেখানে দুটি ম্যাচে হারলেও দুর্দান্ত ফুটবল খেলে প্রশংসা কুড়িয়েছে। গ্রুপের শেষ খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে ফিরেছে বাংলাদেশের অনূর্ধ্ব—২৩ ফুটবল দল। এরপর আবাহনী গেল নেপালে। এএফসি ক্লাব ফুটবলে গ্রুপ পর্বের খেলায় আবাহনী নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবকে হারিয়ে ঘরে ফিরেছে। নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশের মেয়েরা। সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে গত এক মাস দারুণ একটা সময় কেটেছে বাংলাদেশের। এরই মধ্যে আরো ভালো খবর হচ্ছে ফিফার র্যাংকিংয়ে ৪ ধাপ উন্নতি হয়ে বাংলাদেশ এখন ১৮৮ নম্বরে। নিচে নামার চেয়ে ৪ ধাপ উন্নতি হয়েছে এটাই বা কম কিসের।
আন্তর্জাতিক ফুটবলের পরিধি পার হয়ে এখন আবার ঘরোয়া ফুটবলে চোখ সবার। এক মাসের বন্ধ পেয়ে কোনো কোনো ক্লাব প্রথম দিকে ক্যাম্প ছুটি দিয়েছিল। তবে কম বাজেটের বেশির ভাগই দল খরচ কমাতে গিয়ে এটা করেছিল। এর মধ্যে ছুটির তালিকায় মোহামেডানও ছিল।
এক মাসের ছুটিতে ক্লাবগুলো নতুন করে গড়ে উঠার সুযোগ পেয়েছে। যে সব ফুটবলার ইনজুরিতে ছিলেন তারাও মাঠে ফিরেছেন। তবে আবাহনীর ডিফেন্ডার তপু বর্মণ ইনজুরিতে পড়লেও তিনি পুরোপুরি ফিট হতে পারেননি। আবাহনীর খেলা সোমবার ঢাকায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। তিনবার কোচ পরিবর্তন হয়েছে। এখন নতুন কোচ অস্ট্রেলিয়ার সিনলেন। তিনি কতোদিন থাকতে পারবেন স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিনা তা বলা যাচ্ছে না।
রবিবার ঢাকায় মোহামেডান খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে। দলগুলো বিদেশি ফুটবলার নিয়ে নতুন করে ভাবছে। প্রথম পর্বের পর লিগের বিরতি থাকবে। তখন নতুন করে বিদেশি খেলোয়াড় নেওয়া হবে। মোহামেডান, আবাহনী, শেখ জামাল সহ অনেক ক্লাব নতুন করে খেলোয়াড় নেওয়ার আলোচনা চূড়ান্ত করে রেখেছে। আবাহনীতে এসেছে ব্রাজিলীয়ান, শেখ জামালের আসছে গাম্বিয়ান ফুটবলার। বাস্তবতা হচ্ছে কোনো দলই এখন পয়েন্ট হারাতে চাইছে না। যতটা সম্ভব শক্তিশালী করার জন্য মরিয়া ক্লাব কর্মকর্তারা।
আজকের খেলা
ব্রাদার্স ও রহমতগঞ্জ। ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। সাইফ স্পোর্টিং ও নোফেল স্পোর্টিং ক্লাব। ৩টা, ময়মনসিংহ।
পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
বসুন্ধরা কিংস ৯ ৮ ১ ০ ২৫
আবাহনী ১০ ৮ ০ ২ ২৪
শেখ রাসেল ৯ ৬ ২ ১ ২০
সাইফ স্পোর্টিং ৯ ৫ ২ ২ ১৭
আরামবাগ ১০ ৫ ১ ৪ ১৬
মুক্তিযোদ্ধা ৯ ৪ ১ ৪ ১৩
শেখ জামাল ১০ ৩ ৪ ৩ ১৩
চট্ট.আবাহনী ৯ ২ ৫ ২ ১১
রহমতগঞ্জ ৯ ১ ৫ ৩ ৮
নোফেল ৯ ২ ২ ৫ ৮
মোহামেডান ৯ ১ ২ ৬ ৫
ব্রাদার্স ৯ ১ ০ ৮ ৩
বিজেএমসি ৯ ০ ৩ ৬ ৩