প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক

‘বিধিমালার দ্বিমতের বিষয়গুলো অনেকাংশেই দূর হয়েছে’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে বৈঠক করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার বিকালে প্রধান বিচারপতির খাস কামরায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালার খসড়া চূড়ান্তকরণের বিষয়ে আলোচনা হয়। বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে খসড়া বিধিমালা ছাড়াও বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়। 
 
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালার গেজেট জারি করার খুব কাছাকাছি চলে এসেছি। বিধিমালার যেসব ব্যাপার নিয়ে একটু খুটিনাটি বোঝার প্রয়োজন এবং যেসব ব্যাপার নিয়ে দ্বিমত ছিল আলোচনার মধ্য দিয়ে সেগুলো অনেকাংশেই দূর হয়েছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে গেজেট হয়ে যাবে।
 
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠন করা প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখেই এটি পুনর্গঠন করার চেষ্টা করা হবে। বুদ্ধিজীবী হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মঈনুদ্দিনকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, তাকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে বারবার বৃটিশ সরকারকে অবগত করা হচ্ছে। তাকে দেশে ফেরত আনার উদ্যোগ থেকে আমরা কখনোই সরে আসিনি। তাকে ফিরিয়ে আনার ব্যাপারে যেসব প্রক্রিয়া দরকার সেগুলো চালিয়ে যাচ্ছি। এখন সিদ্ধান্ত হচ্ছে ব্রিটিশ সরকারের। 
 
বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা সংক্রান্ত গেজেট জারি করে আপিল বিভাগে দাখিলের জন্য সরকার ইতমধ্যে ১৯ বার সময় নিয়েছে। কিন্তু এই সময় পেয়েও গেটে জারি করা সম্ভব হয়নি।   
 
 
ইত্তেফাক/ইউবি