স্পোর্টস রিপোর্টার
দুদিন আগে বেলুচিস্তানের হয়ে ম্যাচ জেতানো ১৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। দল ঘোষণার দিনও ৬৬ বলে ৯৯ রানের ইনিংস খেলেছেন। তারপরও কাজের কাজ হয়নি। বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা করে নিতে পারেননি উমর আকমল। শুধু উমর আকমল নন, খাইবার পাখতুনের হয়ে ৫২ রানে ৫ উইকেট নিয়ে খেলায় ফেরা ওয়াহাব রিয়াজেরও জায়গা হয়নি পাকিস্তানের প্রাথমিক দলে।
প্রধান কোচ মিকি আর্থারের সাথে পরামর্শ করে ইনজামাম উল হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি গতকাল ঘোষণা করেছে বিশ্বকাপের জন্য পাকিস্তানের প্রাথমিক দল। এই দল ১৫ ও ১৬ এপ্রিল লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে অংশ নেবে। এরপরই ১৮ তারিখে ঘোষণা করা হবে পাকিস্তানের চূড়ান্ত দল।
প্রাথমিক দলে বড় দুই চমক বলা যেতে পারে আবিদ আলী ও মোহাম্মদ হাসনাইনকে। আবিদ আলী গত সপ্তাহে পাকিস্তানের হয়ে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রান করার রেকর্ড করেছেন। তাকে প্রাথমিক দলের চার ওপেনারের একজন হিসেবে ডাকা হয়েছে। অন্যদিকে ১৮ বছর বয়সী গতি তারকা হাসনাইন পিএসএল ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভয়ানক গতি দিয়ে মুগ্ধ করেছেন সকলকে।
সম্প্রতিই বৃদ্ধাঙ্গুলিতে জোড়া অস্ত্রোপচার করানো এবং বয়সের বিপক্ষে লড়তে থাকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ সুযোগ পেয়েছেন এই দলে।
পাকিস্তান দল ২৩ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে। সেখানে বিশ্বকাপের আগেই ১১টি ম্যাচ খেলবে পাকিস্তান। এর মধ্যে ৯টি ওয়ানডে ম্যাচ আছে।
পাকিস্তান প্রাথমিক দল
সরফরাজ আহমেদ, আবিদ আলী, আসিফ আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাখার জামান, হারিস সোহেল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইনাম-উল-হক, জুনাইদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহীন খান আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, উসমান শিনওয়ারি, ইয়াসির শাহ।