‘মেসির সঙ্গে বার্সার সম্পর্ক চিরদিনের’

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে বার্সেলোনা। সম্প্রতি ইএসপিএনের মুখোমুখি হয়ে ক্লাবটির সভাপতি হোসে মারিয়া বার্তোমিও এমনটাই জানিয়েছেন।

আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সেলোনার সঙ্গে তার বর্তমান চুক্তিটি স্বাক্ষর করেছিলেন ২০১৭ সালে, যার মেয়াদ আছে ২০২১ সাল পর্যন্ত। বার্তোমিওর ইচ্ছা এই মৌসুমে লা লিগায় ৩২ গোল করা দলের অধিনায়ককে আরো একটি চুক্তির প্রস্তাব দেওয়ার। তিনি বলেন, ‘আমরা চাই তার ক্যারিয়ার আরো বড় হোক। তাহলে আমরা আরো বেশি সময় তার নৈপুণ্য উপভোগ করতে পারবো। লিওনেল সীমানা ভেঙেছে। সবাই তার প্রশংসা করে এবং সে প্রতিপক্ষ ভক্তদের থেকেও তারিফ কুড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা তার চুক্তি নবায়ন করতে চাই, এমনটাই ধারণা। সে এখনো তরুণ। তার নৈপুণ্যে আপনি সেটা দেখবেন। চুক্তিতে এখনো দুই বছর বাকি আছে তার। সে প্রতিনিয়ত উন্নতি করছে। আমার বিশ্বাস এখনো তার সামনে অনেক বছর বাকি এবং আসছে মাসগুলোতে আমরা বসবো এবং বার্সেলোনায় তার সময় বাড়ানোর চেষ্টা করবো।’

বার্তোমিওর আশা, আজীবন বার্সাতেই থাকবেন মেসি। তিনি বলেন, ‘মেসি এক ক্লাবের খেলোয়াড়। ক্লাবের সঙ্গে তার সম্পর্ক মাঠের কর্মকাণ্ডের চেয়েও বেশি কিছু। মেসির সঙ্গে বার্সার সম্পর্ক চিরদিনের।’