‘আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে কাজ করছে নির্বাচন কমিশন’

কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নয়, নির্বাচন কমিশন আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্যই কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
 
তিনি বলেন, দেশের বর্তমান সমস্যা সাংবিধানিক নয়, রাজনৈতিক সংকট। সংবিধানের দোহাই দিয়ে নয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে দেশের চলমান সংকট সমাধান করতে হবে।
 
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি। 
 
মওদুদ বলেন, রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। নির্বাচন কমিশনের (ইসি) দেয়া নির্বাচনকালীন রোডম্যাপের প্রস্তাবনায় মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার কোনো রোড বা ম্যাপ নেই । এই রোডম্যাপের দ্বারা, কিভাবে একদলীয় নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায় তার চেষ্টা করেছে কমিশন। 
 
আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাবেক এমপি সাম্মি আক্তার প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি