বেতাগীতে সড়কের পাশে বোতলে বিক্রি হচ্ছে পেট্রোল!

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

বেতাগীর বিভিন্ন সড়কের পাশে বোতলে ভর্তি করে অবাধে বিক্রি হচ্ছে তরল দাহ্য পদার্থ পেট্রোল। বেতাগী-চান্দখালী-বরগুনা, বেতাগী-নিয়ামতি-বাকেরগঞ্চ এবং বেতাগী-সুবিদখালী-মির্জাগঞ্জ সড়কের পাশে শতাধিক স্থানে রয়েছে এসব দোকান।

স্থানীয় শিক্ষিকা সৈয়দা জুয়েলী আক্তার মনিকা বলেন, পেট্রোল হাতের নাগালে পাওয়ায় সন্ত্রাসীরা খুব সহজে নাশকতার কাজে তা ব্যবহার করতে পারে। অতি দ্রুত প্রশাসনের কাছে এ দাহ্য পদার্থ সড়কের পাশে বিক্রি বন্ধের দাবি জানাই।

বেতাগী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, বোতলে পেট্রোল বিক্রির বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. রাজীব আহসান বলেন, সড়কের পাশে বোতলজাত করে পেট্রোল বিক্রি করা আইনসম্মত নয়। এতে সহজেই নাশকতার আশংকা থাকে। যারা এভাবে পেট্রোল বিক্রি করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনা জেলা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. সোহেল রানা বলেন, অচিরেই ছাড়পত্র বিহীন খোলা পেট্রোল ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।