হলের সিট দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এই ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় তিন জন আহত হয়। আহতারা হলেন, ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমান, ফয়সাল, সবুজ।
জানা যায়, হলে সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সোহরাওয়ার্দী হলের অতিথি কক্ষের জানালার কাঁচ ভাংচুর করে উত্তেজিত কর্মীরা। যা পরে ধাওয়া পাল্টা ধাওয়াতে রুপ নেয়।
পরে উভয় পক্ষের কর্মীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনের আহত হওয়া কথা জানা গেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজন ও যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাঈদ দুজনই নগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর অনুসারী।
বিষয়টি জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির ও যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘জুনিয়রদের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা সমাধান করে নিচ্ছি।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতারুজ্জামান আকতার বলেন, ‘মহিউদ্দীন চৌধুরীর দুই পক্ষের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সোহরাওয়ার্দী হলের অতিথি কক্ষের জানালার কাঁচ ভাংচুর করে উত্তেজিত কর্মীরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’
ইত্তেফাক/নূহু