নিউজিল্যান্ডের বন্যা দুর্গত অঞ্চলগুলোতে রবিবারও বৃষ্টিপাত হতে পারে। এ অঞ্চলে প্রবল বর্ষণ ও বন্যা দেখা দেয়ায় স্থানীয়দের অন্যত্র সরিয়ে নেয়া এবং সাউথ আইল্যান্ডের কয়েকটি স্থানে জরুরি অবস্থা জারি করার পর নতুন করে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে সর্তক করা হয়েছে।
IMG0
ডুনেডিনের কাছে মাত্র দুই দিনের বৃষ্টিপাতের পরিমাণ ২৫০ মিলিমিটার অতিক্রম করায় স্থানীয়দের সহায়তার জন্য সেনাবাহিনী ডাকা হয়েছে। বৃষ্টিপাতের এই পরিমাণ স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি। বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, প্রবল বৃষ্টিতে নদীগুলোর দু’কূল উপচে পড়েছে এবং ভূমিধসে প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে। এর পাশাপাশি বরফে ঢাকা পথে পরিচ্ছন্ন কর্মীদের কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ক্রাইস্টচার্চ ও ডুনেডিনে জরুরি অবস্থা বলবৎ রয়েছে। দুর্গত এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
IMG1
ডুনেডিনের প্রায় ২শ’ বাড়িঘর থেকে মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। শহরটির মেয়র ডেভিড কাল বলেন, স্থানীয়দের বাড়ি ফিরে আসতে কয়েকদিন লাগতে পারে। রবিবার সন্ধ্যায় উঁচু ঢেউয়ের কারণে আরো বন্যা দেখা দিতে পারে বলে ক্রাইস্টচার্চের কর্তৃপক্ষ সতর্ক করেছে। নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর প্রায় ১৪০ সেনা ত্রাণ তৎপরতায় মোতায়েন রয়েছে। এএফপি।
ইত্তেফাক/সেতু