মা প্রিন্সেস ডায়নার সঙ্গে শেষবার যখন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি কথা বলেন তখন দুইজন খুব তাড়াহুড়ার মধ্যে ছিলেন ফোন রেখে দিতে। মায়ের মৃত্যুর ২০ বছর পরেও সেইজন্য অনুশোচনায় ভুগছেন যুক্তরাজ্যের এই দুই রাজপুত্র।
১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়না। মায়ের মৃত্যুর সময় প্রিন্স উইলিয়ামের বয়স ছিল ১৫, হ্যারির বয়স ছিল ১২। ডায়ানার মৃত্যুর দুই দশককে সামনে রেখে আই-টিভির এক বিশেষ ডকুমেন্টারির জন্য দুই ভাই নিজের মনের অর্গল খুলে দিয়েছিলেন। সেই ইন্টার্ভিউতেই নিজেদের আমরণ এই অনুশোচনার কথা জানান ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম। তিনি বলেন, আমরা আমাদের কাজিনদের সঙ্গে স্কটল্যান্ডে রাণীর প্রাসাদে খুব ভালো সময় কাটাচ্ছিলাম। তখন মায়ের সঙ্গে ফোনে আমরা খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম বিদায় বলার জন্য। যদি আমরা জানতাম কী হতে যাচ্ছে তাহলে আমি কখনো এই বিষয়ে উদাসীন হতাম না।
IMG0
প্রিন্স উইলিয়াম বলেন, মা প্যারিস থেকে আমাদের সঙ্গে কথা বলছিলেন। তার সঙ্গে আমার ঠিক কী কথা হয়েছিল সেটা ঠিক আমার মনে নেই, তবে এইটুকু নিশ্চিতভাবে মনে আছে যে আমি আমার সারাজীবন অনুশোচনা করবো যে তার সঙ্গে ফোনকলটি কত সংক্ষিপ্ত ছিল।
আইটিভির ডকুমেন্টারিটিতে দুই প্রিন্সকে দেখা যায় মায়ের সঙ্গে তাদের অপ্রকাশিত ছবির অ্যালবামগুলো দেখছেন। মায়ের স্মৃতিচারণ করে প্রিন্স হ্যারি বলেন, আমার মা ছিলেন ভেতর ও বাইরে শিশুর মত। যখন কেউ আমাকে বলে, ‘তোমাদের মা মজার মানুষ ছিল, একটা উদাহরণ দাওতো’ তখনই আমার মাথায় তার হাসির শব্দ অনুরণিত হয়। আমার মা বলতেন, তোমরা যত ইচ্ছে দুষ্টুমি করতে পারো শুধু চেষ্টা করো যাতে ধরা না পড়ো। আমার মা ছিলেন সবচেয়ে দুষ্টু মায়ের মধ্যে একজন। আমরা ফুটবল খেলার সময় এসে তিনি দেখতেন এবং আমাদের মোজার মধ্যে লুকিয়ে মিষ্টি দিতেন।
IMG2
চলতি মাসে মায়ের ৫৬তম জন্মদিনে নর্দাম্পটনশায়ারে মায়ের কবরে গিয়েছিলেন দুই রাজপুত্র। প্রিন্স হ্যারি বলেন, আমার মায়ের মৃত্যুর পর আমি মাত্র এক বা দুইবার কেঁদেছি, তাই এটা বলা যায় আমার কষ্টের অনেকটাই ভেতরে রয়ে গেছে। মায়ের মৃত্যুর দুই দশককে সামনে রেখে প্রিন্স হ্যারি বলেন, আমার এবং উইলিয়ামের কাছে আমার মা ছিলেন সর্বকালের সেরা মা। তাকে ছাড়া আমাদের সময়টা খারাপ গেছে এবং খারাপ যাচ্ছে, এমন কোনো দিন নেই যে আমরা প্রত্যাশা করি না যে মা যদি থাকতো এখন কেমন হত? জনপরিসরে তিন কেমন ভূমিকা রাখতেন।
IMG1
কেনসিংটন ওভালে প্রিন্সেস ডায়নার মৃত্যুর ২০ বছর পূর্তিতে একটি ভাস্কর্য উন্মোচন করা হবে। প্রিন্স উইলিয়াম বলেন, আমরা তার বিষয়ে আর কখনো জনসম্মুখে কিছু বলবো না। কারণ আমরা মনে করি এই ফিল্মটির মাধ্যমে পরিবার ও নিকটবন্ধুদের দিক থেকে প্রিন্সেস ডায়নার অন্যরূপটি আপনারা দেখতে পারবেন যা আগে দেখা যায়নি কখনো। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির