বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত আট পরিবারকে আর্থিক সহায়তা

বরিশাল অফিস

যাত্রীবাহি বাস ও থ্রি হুইলারের সংঘর্ষে নিহত আটজনের পরিবারকে আর্থিক সহয়তা দেওয়া হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে বৃহস্পতিবার রাতে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সহায়তা প্রদান করা হয়েছে। দুর্ঘটনায় নিহত আটজনের প্রত্যেক পরিবারকে জেলা বাস মালিক গ্রুপের পক্ষ থেকে এক লাখ টাকা এবং  সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া মেয়র সাদিক আব্দুল্লাহ ওই দুর্ঘটনায় নিহত বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝালকাঠির শিলা হালদারের প্রতিবন্ধী বোনকে সিটি করপোরেশনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে শীঘ্রই নগরীতে সিটি বাস সার্ভিস চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়র সাদিক আব্দুল্লাহ।

উল্লেখ্য, গত ২২ মার্চ সকালে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড়ের তেঁতুলতলা নামকস্থানে যাত্রীবাহী একটি মাহিন্দ্রার সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত ও তিনজন আহত হয়।