বাবার পুরস্কার দুই ছেলের হাতে

 
দেশবরেণ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পে মোরশেদুল ইসলাম নির্মাণ করেন 'অনিল বাগচীর একদিন'। ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সিনেমাটি।
 
সেইসঙ্গে এই ছবির চিত্রনাট্য লেখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা সংলাপ রচয়িতার পুরস্কার দেয়া হয়েছে প্রয়াত হুমায়ূন আহমেদকে। হুমায়ূন আহমেদের এ পুরস্কারটি নিতে গতকাল হাজির হন নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও তার দুই সন্তান।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেন হুমায়ূনের দুই ছেলে নিষাদ ও নিনিত। স্বামীর অর্জিত দেশ সেরা চিত্রনাট্যকারের এই পুরস্কার গ্রহণ করতে শাওন মঞ্চে উঠেন দুই ছেলেকে নিয়ে। তারা প্রধানমন্ত্রীর হাত থেকে বাবার স্বীকৃতি গ্রহণ করে।
 
এসময় প্রধানমন্ত্রী নিষাদ ও নিনিতের সঙ্গে কুশল বিনিময় করেন। এবার ২৫টি বিভাগে পুরস্কার প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজীবন সম্মাননা দেয়া হয়েছে অভিনেত্রী শাবানা ও সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমানকে।
 
ইত্তেফাক/আনিসুর