শপথ নিলেন ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি কোবিন্দ

প্রণব মুখার্জীর পর বর্তমান মোদী সরকারের আমলেই শপথ নিয়েছেন ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মঙ্গলবার দেশটির জাতীয় সংসদের সেন্ট্রাল হলে তাকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর।
IMG0
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা।
IMG1
জানা গেছে, শপথ অনুষ্ঠানেই দেশের ঐক্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন চতুর্দশ রাষ্ট্রপতি। জানালেন, দেশে অনেক ধর্ম, জাতির মানুষ বাস করেন। কিন্তু, তাদের মধ্যে ঐক্য তৈরি করাই হবে তার অন্যতম উদ্দেশ্য।
IMG2
শপথ অনুষ্ঠান শেষ হলে নতুন রাষ্ট্রপতি যাত্রা করেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে। সেখানে তাকে দেওয়া হয় গার্ড অব অনার। এরপর সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চলে যাবেন তার নতুন ঠিকানা ১০, রাজাজি মার্গের দিকে। রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার আগে কোবিন্দ রাজঘাটে গিয়ে মোহনদাস করমচাঁদ গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে তাকে স্বাগত জানান বিদায়ী রাষ্ট্রপতি। তার পর তারা একসঙ্গে রওনা দেন সংসদ ভবনের দিকে। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু