ভারতে প্রবেশ-প্রস্থানের নিয়ম সহজ করা হয়েছে

বাংলাদেশি নাগরিকদের ভারতে যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম সহজ করা হয়েছে। এখন থেকে ভারতে প্রবেশ/প্রস্থানের ক্ষেত্রে বাংলাদেশিরা ভারতের ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর, দুইটি সমন্বিত চেকপোস্ট (বেনাপোল-হরিদাসপুর ও দর্শনা-গেদে) এবং ভিসায় উল্লেখিত একটি আগমন ও নির্গমন বন্দরের যে কোনটি ব্যবহার করতে পারবেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
 
যেসব আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভারতে যাওয়া/আসা যাবে সেগুলো হলো- আহমেদাবাদ, আমৌসি (লখনৌ), অমৃতসর, বাগডোগরা, ব্যাঙ্গালুরু, কালিকট, চণ্ডিগড়, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটুর, দেবোলিম (গোয়া), দিল্লি, গয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, থ্রিচি, ত্রিবানদ্রাম ও বারানসি।
 
আগে শুধু ভিসায় উল্লেখিত গমন ও নির্গমন বন্দর দিয়েই ভারতে যাতায়াত করা যেত। তবে এ নিয়ম শিথিল করায় এখন থেকে বাংলাদেশিরা ভিসায় নির্দেশিত পথ ছাড়াও ভারতের ২৪টি বিমানবন্দর কিংবা দুইটি সমন্বিত চেকপোস্টের যে কোনটি ব্যবহার করতে পারবেন।
 
ইত্তেফাক/এমআর