আলোকপাত

শিশু মননে দেশপ্রেম

মুহাম্মদ মুহীউদ্দীন

দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে দেশপ্রেম অতীব জরুরি। দেশপ্রেম,মহত্তবোধ, মাতৃত্ববোধ ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে স্বীয় দেশের উন্নয়ন,সমৃদ্ধি এবং সুশৃঙ্খল প্রতিষ্ঠায় নিয়োজিত হওয়ার মাধ্যমে দেশপ্রেম ফুটে উঠে।এবং স্বীয় মাতৃভূমিকে সামনে এগিয়ে নিয়ে যাবার কর্মকৌশল উদ্ভাবনে আত্মনিয়োগ করার প্রকৃত শিক্ষা পায়। দারিদ্র্য, নিরক্ষরতা এবং অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত হয়ে একটি সুখী, সমৃদ্ধশালী শিক্ষিত ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে শিশুকাল থেকে দেশপ্রেম গড়ে উঠা আবশ্যক।

শিশুদের বিদ্যালয়ে শপথ বাক্যে পড়ানো হয়- ‘মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব’। কিন্তু বড় হয়ে এর কতটুকু মনে থাকে বা মান্য করে? আমরা কি পারি মানুষের প্রত্যাশা পূরণ করতে? বেশিরভাগ ক্ষেত্রেই  আমাদের হতাশ হতে হয়।

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত্। ভবিষ্যতের বাংলাদেশ এদের হাত দিয়েই সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। শিশুদের শুধু শপথ বাক্য পাঠের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর তাত্পর্য ও আবেদন তাদের অন্তরে গেঁথে দিতে হবে। দেশের প্রতি দায়িত্ব এবং ভালোবাসা যেন একেবারে মন থেকে আসে। তাহলেই, ছোট বেলায় বাবার হাত ধরে খালি পায়ে প্রভাত ফেরিতে যাওয়া শিশুটি বড় হয়ে জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে উঠবে না। ছোট-খাটো ইস্যু নিয়ে রাস্তায় গাড়ি ভাঙতে যাবে না। মাদকাসক্ত কিংবা ধর্ষণ নামক সামাজিক ব্যাধিতে নিজেকে বিলিয়ে  দেবে না।

প্রতিটি জাতীয় দিবসের অনুষ্ঠানে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করে। জাতীয় সংগীত, জাতীয় পতাকার প্রতি তাদের ভালোবাসায় স্পস্টই দেশপ্রেম ফুটে উঠে। এ আবেগ এ অকৃত্রিম ভালোবাসা আজীবন ধরে রাখতে হবে। মনে রাখতে হবে- এ দেশ, এ পতাকা কেউ আমাদের করুণা করে দেয়নি। বহু ত্যাগ আর বহু প্রাণের বিনিময়ে আমরা এসব পেয়েছি।

এ দেশকে একটি সুখী, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলে ভাষা, ধর্ম, বর্ণ, নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে জাতীয় অর্জনের সুফল ভোগ করতে হবে এবং সত্যিকার অর্থে ‘সোনার বাংলা’ গড়ে তুলতে হবে।

পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ আর পরমতসহিষ্ণুতা দেশপ্রেমেরই অংশ। সহপাঠীদের সঙ্গে উত্তম ব্যবহার, তাদের প্রতি আন্তরিকতা, অপরের দুঃখে পাশে দাঁড়ানো এ শিশুদের শেখাতে হবে এবং  অভ্যস্ত করতে হবে। পরিবারের প্রতি দায়িত্ববোধ, মা-বাবা এবং শিক্ষকদের সঙ্গে উত্তম ব্যবহার, সর্বদা সত্য বলা, নৈতিকতার অভ্যাস প্রাথমিক পর্যায়েই আয়ত্ত করতে হবে।

আসুন, আমরা আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ করি। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানতে সহযোগিতা করি। দেশের মঙ্গল হয় এমন কাজ করতে উত্সাহ দেই এবং মানুষের ক্ষতি তথা দেশের ক্ষতি হয়- এমন কিছু করতে তাদের নিরুত্সাহিত করি। শিশুদের সঠিক পথে পরিচালনা করতে যদি না পারি সত্যিকার অর্থে ‘সোনার বাংলা’ গড়া হয়ত স্বপ্নই থেকে যাবে।

লাখো শহীদের রক্তে ভেজা এ স্বদেশের কল্যাণে কাজ করব, এটাই হোক আমাদের অঙ্গীকার।

n লেখক :সহকারী উপজেলা শিক্ষা অফিসার