জেরুজালেমে আল-আকসা মসজিদ বন্ধ করা ও শুক্রবার জুমার নামাজ পড়তে না দেওয়া এবং আল হারাম আল শরীফকে ঘিরে অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মঙ্গলবার এক বার্তায় ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
IMG0
বার্তায় সেখানে অতিসম্প্রতি সংঘটিত অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেরুজালেমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র স্থানকে কেন্দ্র করে ইসরায়েলি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় সৃষ্ট সংঘর্ষে ৫ জন ফিলিস্তিনি নিহত ও শত শত আহত হয়েছেন।
IMG1
পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি শিগগিরই মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করে দুই রাষ্ট্রের সমাধানের লক্ষ্যে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ইত্তেফাক/সেতু