ভুয়া কাগজ পত্রের মাধ্যমে ঋণ আদায়

ব্যাসিক ব্যাংকের চেয়ারম্যান-বোর্ড পরিচালকদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ভুয়া কাগজপত্রের মাধ্যমে ৪০ কোটি টাকা ঋণ আদায়ের অভিযোগে ব্যাসিক ব্যাংকের তৎকালীন চেয়ারম্যানসহ বোর্ড অব ডিরেক্টরের সকল সদস্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৬০ দিবসের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
 
বিচারপতি এন ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন।
 
ব্যাসিক ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে পল্টন মডেল থানায় ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর দুদক একটি মামলা দায়ের করে। ওই মামলার আসামি রুপশা সার্ভেয়া কোম্পানির ম্যানেজিং পার্টনার ও চিফ সার্ভেয়ার শাহজাহান আলীকে ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর জামিন দেয় ঢাকার বিশেষ জজ আদালত। এই জামিনের বিরুদ্ধে রিভিশন মামলা করে দুদক। হাইকোর্ট শাহজাহান আলীর জামিন কেনো বাতিল করা হবে না এই মর্মে রুল জারি করে। আজ বুধবার ওই রুলের শুনানি শেষে হাইকোর্ট আসামির জামিন বহাল রাখে। এছাড়া ঋণ আদায়ে সহায়তার অভিযোগে ব্যাসিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।
 
দুদকের পক্ষে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও আসামির পক্ষে পঙ্কজ কুন্ডু শুনানি করেন।
 
ইত্তেফাক/এমআই