জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে সবকিছু করছে। আর জনকল্যাণে মাঠ পর্যায়ের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকদের জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কাজ করতে হবে।
বুধবার সচিবালয়ের মন্ত্রী পরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনে রেলপথ মন্ত্রণালয় বিষয়ক আলোচনায় এ সব কথা বলেন। এ সময় রেলপথ মন্ত্রী সারাদেশ থেকে আগত জেলা প্রশাসকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ঝিনাইদহ জেলা প্রশাসক জানান, ফরিদপুরের মধুখালী থেকে প্রস্তাবিত মাগুরা রেললাইন ঝিনাইদহ পর্যন্ত নেয়ার জন্য সেখানকার জনগণের দাবি রয়েছে। এর জবাবে রেলমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারা দেশকেই রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। মাগুরার পরে তা ঝিনাইদহ পর্যন্ত নেয়া হবে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ঢাকা থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত রেললাইনের দাবি জানালে মুজিবুল হক বলেন, এ সংক্রান্ত একটি প্রকল্পের যাচাই কাজ চলছে। অর্থায়ন পাওয়া গেলে এ লাইন নির্মাণ করা হবে।
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, বিএনপি সরকার রেলখাতকে ধ্বংস করে গেছে। বর্তমান সরকারই রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করেছে। বর্তমানে ৪৪টি প্রকল্প চলমান আছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ে উন্নত বিশ্বের পর্যায়ে চলে যাবে।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি