তৃতীয় লিঙ্গর মানুষ সেনাবাহিনীতে সুযোগ পাবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশের সেনাবাহিনীতে কোনো প্রেক্ষিতেই তৃতীয় লিঙ্গের মানুষদের সুযোগ দেয়া হবে না। টুইটারে দেয়া পোস্টে তিনি বলেন, সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গর মানুষ থাকার ব্যাপক খরচ ও বিঘ্ন সৃষ্টির প্রেক্ষিতে সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের পরে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
 
গত বছর ওবামা প্রশাসন সেনাবাহিনীতে প্রকাশ্যে তৃতীয় লিঙ্গর মানুষ নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কিন্তু গত জুনে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস সেই সিদ্ধান্তে ছয় মাস স্থগিত করেন। পেন্টাগন বলেছিল, এটা ছিল সামরিক বাহিনীর বিভিন্ন শাখার সঙ্গে মানিয়ে নেয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখছে।
 
টুইটারে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের সামরিক বাহিনীকে যুদ্ধ জয়ের চূড়ান্ত লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই এগিয়ে যেতে হবে। তাদের ওপর বিপুল ডাক্তারি খরচের বোঝা চাপানো যায় না কিংবা কোনও বিঘ্নও ঘটতে দেওয়া যায় না।’ রিপাবলিকানরা তৃতীয় লিঙ্গের মানুষদের সেনাবাহিনীতে নিয়োগের বিরোধিতা করেছে। র‌্যান্ড কর্পোরেশনের ২০১৬ সালের হিসেব অনুযায়ী ১২ লাখ সেনাবাহিনী সদস্যর মধ্যে কমপক্ষে ২হাজার ৪শ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে। বিবিসি। 
ইত্তেফাক/সাব্বির