বর্ষা মৌসুমের আগেই নির্মাণের দাবি
তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীর ভাঙন ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে পড়েছে সাত কিলোমিটার বেড়িবাঁধ। যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে তজুমদ্দিন টু মঙ্গলশিকদার সড়ক। দুর্ভোগে পড়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ দুই ইউনিয়নের বাসিন্দা। বর্ষা মৌসুমের আগেই জোয়ারের পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বাড়ি-ঘরসহ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিন উপজেলার দড়িচাঁদপুর এলাকায় গিয়ে দেখা যায়, মহাজন বাড়ি ও কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দুটি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়ায় হুমকির মুখে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। প্রবল স্রোতে বেড়িবাঁধ ভাঙনের কারণে ওইসব এলাকায় বসবাসকারী, মত্স্যচাষি ও কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলা সদরের সঙ্গে গুরিন্দাবাজার, চাঁচড়া কাটাখালী ও মঙ্গলশিকদারসহ কয়েকটি এলাকা। ভাঙনের কবলে পড়ে সাত কিলোমিটার বেড়িবাঁধসহ হুমকির মুখে পড়েছে কেয়ামূল্যাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর চাঁচড়া মোমিনুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁচড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চাঁচড়া রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁচড়া ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন স্থাপনা।
এছাড়া ভাঙন কবলিত এলাকায় বেড়িবাঁধ না থাকায় যে কোনো মুহূর্তে জোয়ারের পানি ঢুকে রবিশস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর বলেন, প্রতিবছর জোয়ারের পানি ঢুকে প্লাবিত হওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসে। আগে তাদেরকে বারবার বলা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয় না। যে কারণে সময় মতো কাজ না হওয়ায় জনপ্রতিনিধিদের প্রতি মানুষের ক্ষোভ সৃষ্টি হয়। তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার দাস বলেন, পানি উন্নয়ন বোর্ডকে বেড়িবাঁধ ভাঙনের ব্যাপারে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ নির্বাহী প্রকৌশলী কাইসার আলম বলেন, জোয়ারের পানি বন্ধ করার জন্য ইমার্জেন্সি ব্যবস্থা নেওয়া হবে। তজুমদ্দিনে সাড়ে ৩ কিলোমিটার পূর্ণাঙ্গ বেড়িবাঁধ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।