বাজেটে দেশীয় শিল্প বিকাশে সব সুবিধাই রাখা হচ্ছে

চট্টগ্রামে এনবিআর চেয়ারম্যান

চট্টগ্রাম অফিস

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, আসন্ন নতুন বাজেটে দেশীয় শিল্প বিকাশে সব সুবিধা দেওয়ার কথা ভাবা হচ্ছে। অতীতের বাজেটেও এই সুবিধা দেওয়া হয়েছিলো। এটা অব্যাহত থাকলে দেশের জনগণ নিশ্চিন্তে শিল্পায়নে যাবেন। তিনি বলেন, জাতীয় বাজেটের পরিধি আরো বাড়ছে। আগামী বাজেট ৫ লাখ কোটি টাকারও বেশি হবে। বাজেটের আকার অনুসারেই রাজস্ব নির্ধারণ করা হবে।

গত বৃহস্পতিবার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু মিলনায়তনে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২০১৯-২০২০ অর্থবছরের প্রাক-বাজেট নিয়ে ব্যবসায়ী ও বিভিন্ন ট্রেডবডি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি অপরাহ্নে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, জাতীয় বাজেটের ৬৫ শতাংশ পূরণ হয় অভ্যন্তরীণ সম্পদ দিয়ে। আর নতুন বাজেটে ঘাটতি ৫ শতাংশের বেশি রাখার ইচ্ছা নাই। কারণ বাজেটে ঘাটতি বেশি থাকলে দেশের বাইরে ক্রেডিবিলিটি কমে যায়। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে সবক্ষেত্রে ব্যবসায়ীদের চাহিদা রক্ষা করা যায় না। এনবিআর এখন ধীরে ধীরে আয়কর ও ভ্যাট খাতের দিকে যাচ্ছে। তিনি বলেন, ব্যাংকের কাছ থেকে আগের তুলনায় সরকার ঋণ কম নিচ্ছে। কর ও ভ্যাটের আওতা বাড়াতে হবে। গ্রামের অনেক ব্যবসায়ী করের আওতার বাইরে রয়ে গেছেন। ব্যবসায়ীদের অটোমেশনের আওতায় নিয়ে আসা হবে। সমুদ্রবন্দর ও বিমানবন্দরে স্ক্যানিং মেশিন স্থাপনের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় স্বাগত বক্তব্যে চেম্বার সভাপতি মাহবুবুল আলম ব্যক্তি করসীমা সাড়ে ৩ লাখ, নারী ও ৬৫ বছরের উপরের ব্যক্তিদের আয়কর সীমা ৪ লাখ, প্রতিবন্ধীদের পৌনে ৫ লাখ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করসীমা সোয়া ৫ লাখে উন্নীত করার অনুরোধ জানান। বৃহত্তর চট্টগ্রামের মেগাপ্রকল্পগুলো তুলে ধরে তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে আগামী বাজেটে যথাযথ নির্দেশনা দিতে হবে। ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনতে হবে। দেশের সব মহাসড়কে ওজন স্কেল না বসানো পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেলের কার্যক্রম বন্ধ রাখতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক অঞ্জন শেখর দাশ, বিএসআরএম চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহাম্মদ সিকান্দর খান, চট্টগ্রাম ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামালউদ্দিন, চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতির মহানগর সভাপতি সালামত আলী, শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন পরিচালক মাস্টার আবুল কাশেম প্রমুখ।