সিঙ্গাপুর ভিত্তিক স্টার্ট-আপ কোম্পানি ‘এনসিংগা’-এর সঙ্গে বৃহস্পতিবার রবি কর্পোরেট অফিসে একটি চুক্তি সই করেছে মোবাইল ফোন অপারেটর রবি।
এ চুক্তির ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত তৈরি পোশাক শিল্পে ‘ইন্টারনেট অব থিংস’ (আইওটি)-ভিত্তিক স্মার্ট-ফ্যাক্টরি সল্যুশন চালুর পথ প্রশস্ত হলো।
রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমে এবং এনসিংগা ইনোভেশনস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইমাল কালুটোটাগে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
এ সময় রবির চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব, চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, কর্পোরেট স্ট্র্যাটেজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) চামারা থিলাক মানামপেরি, কর্পোরেট স্ট্র্যাটেজির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী এবং এনসিংগার ডিরেক্টর সেলস, মুডিথ মাদ্দুমারাচ্চি উপস্থিত ছিলেন।
এনসিংগার নেক্সট জেনারেশন স্মার্ট-ফ্যাক্টরি শপ-ফ্লোর সল্যুশনের (এনফ্যাক্টরি) মাধ্যমে পণ্যের গুণগত দিক বিশ্বমানের হচ্ছে কিনা সে সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সঙ্গে সঙ্গে পেয়ে যান উৎপাদনকারীরা। এনসিংগার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারটি শ্রীলংকায় অবস্থিত।
এনফ্যাক্টরি হচ্ছে শিল্প খাতের জন্য আইওটি-ভিত্তিক সল্যুশন যা পণ্যের মানোন্নয়ের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যকর তথ্যাবলী প্রদান করে। পাশাপাশি এটি ফ্যাক্টরি ফ্লোরের তাৎক্ষণিত তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণের মাধ্যমে ডিজিটাল ভার্চুয়াল বেল্ট সৃষ্টি করে পণ্যের ত্রুটিগুলো সারিয়ে তুলতে সহায়ক। এভাবে উৎপাদনের সকল পর্যায়ে সঠিকভাবে মানসম্পন্ন পণ্য উৎপাদনে ভূমিকা রাখে এই সল্যুশনটি।
পরবর্তী প্রজন্মের ডিজিটাল কোম্পানি হিসেবে গড়ে উঠার জন্য কাজ করছে রবি। তাই এনসিংগার সাথে যুক্ত হলো অপারেটরটি। এর মাধ্যমে শিল্প খাতের আইওটি স্পেসে এন্টারপ্রাইজ সল্যুশন প্রদানের ক্ষেত্রে রবির অবস্থান আরো সুসংগত হলো।
আমাদের দেশের তৈরি পোশাক শিল্প ইতোমধ্যে বিশ্বজুড়ে সমাদৃত। ‘আইওটি’-ভিত্তিক সল্যুশন চালুর ফলে দেশে চতুর্থ শিল্প বিপ্লবের সূচনা হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ইত্তেফাক/ইউবি