উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক লিখিত বিবৃতিতে তিনি জানান, আমেরিকা তার নিজস্ব ভূমি ও মিত্রদের রক্ষার্থে যেকোনো ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে। দেশটির সংবাদমাধ্যম সিএনএন একথা জানাচ্ছে।
ওই বিবৃতিতে ট্রাম্প আরো বলেছেন, ‘উত্তর কোরিয়া এখন সমগ্র বিশ্বের হুমকি। পুনঃপুনঃ বিধ্বংসী অস্ত্র প্রদর্শন ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেশটিকে চরমভাবে বিচ্ছিন্ন করে দেবে। তাদের অর্থনীতি ভেঙে পড়বে এবং দেশটির জনগণকে এর মূল্য দিতে হবে।’
IMG0
এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, স্থানীয় সময় শুক্রবার পৌনে ১১ টার দিকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সম্প্রতি আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটলো। জাপান এবং দক্ষিণ কোরিয়াও এর সত্যতা স্বীকার করেছে।
IMG1
এমন কি সফল উৎক্ষেপণের পর এক বিবৃতিতে উত্তর কোরিয়া জানায়, নতুন এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তারা সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে হামলা চালাতে প্রস্তুত। ওই বার্তায় নিভৃতকামী কমিউনিস্ট দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ‘সমগ্র যুক্তরাষ্ট্রই এখন আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। চাইলে আমরা যেকোনো সময় দেশটিতে হামলা চালাতে পারি।’ সিএনএন ও বিবিসি।
ইত্তেফাক/সেতু