খাদ্যবান্ধব কর্মসূচির চাল বাড়িতে মজুদ
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
কেন্দুয়ায় ১০ টাকা কেজি দরের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে বাড়িতে মজুদ রাখায় একজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। ডিলার গোলাম মোস্তফার ডিলারশিপ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা গোপনে খবর পেয়ে চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের ডিলার গোলাম মোস্তফার বাড়ি থেকে অবৈধ মজুদের ৬১ বস্তা চাল জব্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম বলেন, অবৈধভাবে মজুদ রাখার বিষয়টি প্রমাণিত হওয়ায় গোলাম মোস্তফার ডিলারশিপ বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।