যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন!

স্বামীসহ আটক দুই

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

নন্দীগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করেছে পাষণ্ড স্বামী। এতে স্ত্রী পিংকির দুইটি চোখ নষ্ট হতে বসেছে। এ ঘটনায় পুলিশ শুক্রবার দুপুরে নির্যাতনকারী স্বামী রমেন কুমার ও শাশুড়িকে আটক করেছে।

পিংকির চাচা বাবলু জানান, ২০১৮ সালে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম গ্রামের মৃত নরেশ চন্দ্রের ছেলে রমেন কুমারের সাথে পিংকির বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক বাবদ ২ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়; কিন্তু আরো টাকার জন্য পিংকির উপর নির্যাতন চালায় স্বামী। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে। পিংকি এতে অস্বীকৃতি জানালে বেদম মারপিট করে। এতে তার দুই চোখে আঘাত লেগে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি তারা পুলিশে জানিয়েছেন। নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন জানান, পিংকিকে চিকিত্সার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বামী ও শাশুড়ি পুলিশ হেফাজতে রয়েছে।