ওয়াহেদ ম্যানশনের দুই মালিককে রিমান্ডের আবেদন পুলিশের

চকবাজারের আগুন

ইত্তেফাক রিপোর্ট

পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় ওয়াহেদ ম্যানশনের দুই মালিক সোহেল ওরফে শহীদ ও হাসানকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোরাদুল ইসলাম এ আবেদন করেন আদালতে। গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম নিয়মানুয়ায়ী আসামিদের উপস্থিতিতে আগামী সোমবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ভবনটি মূলত আবাসিক। কিন্তু আবাসিক ভবনকে বাণিজ্যিকভাবে গুদাম হিসেবে ব্যবহার করলে প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকতে পারে। সে বিষয় জানার পরও আসামিরা ওই ভবনটিকে গুদাম হিসেবে ভাড়া দিয়ে আইনপরিপন্থী কাজ করে। এ কারণে আগুনে পুড়ে ৭০ জন লোক মারা গেছেন। আরো বহু লোক আহত হয়েছেন। এছাড়া প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন পুড়ে গেছে। যার দায় মালিকপক্ষ ও ভাড়াটিয়ারা এড়াতে পারেন না।

আগুনে নিহত জুম্মনের ছেলে আসিফ বাদী হয়ে চকবাজার থানায় ২১ ফেব্রুয়ারি মামলা করেন। মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিক আব্দুল ওয়াহেদের ছেলে হাসান ও সোহেলের নাম উল্লে­খ করেন। অজ্ঞাত পরিচয় আরো অন্তত ১২ জনকে আসামি করা হয়। মামলার আসামি সোহেল ও হাসান উচ্চ আদালত থেকে গত ১৩ মার্চ জামিন পান। উচ্চ আদালত তিন সপ্তাহের জামিন দিয়ে আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। পরে আসামিরা বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।