দক্ষিণ আফ্রিকায় স্টেডিয়ামে ভিড়ের চাপে নিহত ২

 
দক্ষিণ আফ্রিকায় শনিবার স্টেডিয়ামে ঢুকতে গিয়ে ভিড়ের চাপে দুই জন প্রাণ হারিয়েছে। স্টেডিয়ামটিতে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হয়েছিল। দেশটির পুলিশ ও কর্মকর্তারা একথা জানান।
 
কাইজার চিফস ও অরল্যান্ডো পিরাটেসের মধ্যে ম্যাচ চলাকালে স্টেডিয়ামে ঢুকতে সমর্থকদের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায়। এ সময়ে ভিড়ের ভয়াবহতা সহ্য করতে না পেরে দুজন মারা যায়। খবর এএফপি’র।
 
পুলিশের নারী মুখপাত্র লরেইন ভান এমেরিক দু’জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া এ সময় বেশ কয়েকজন আহতও হয়েছে। অনলাইন ফুটবল ওয়েবসাইট কিকঅফ এই ম্যাচটির আয়োজক সার্লিং ব্ল্যাক লেভেল এর বরাত দিয়ে জানায়, ‘আকস্মিক হুড়োহুড়ির মধ্যে পড়ে প্রচণ্ড মানসিক চাপের কারণে দুজনের মৃত্যু হয়েছে।’
 
ম্যাচটির নির্ধারিত দিনের দুই সপ্তাহ আগেই সবগুলো টিকিট বিক্রি হয়ে যায়। তবে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিপুল সংখ্যক জাল টিকিটও বিক্রি হয়েছে। বাসস
 
ইত্তেফাক/এমআর