নওগাঁয় মাদকের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান রবিবার দুপুরে এই রায় প্রদান করেছেন। রায়ে আসামীর যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আব্দুর রহমান জেলার নিয়ামতপুর উপজেলার গন্ধশাইল গ্রামের গিয়াস উদ্দিন মণ্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের আগস্ট মাসে দিকে আসামি আব্দুর রহমান মোটরসাইকেল যোগে নওগাঁ-রাজশাহী মহাসড়ক ধরে নওগাঁর দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার জলছত্র মোড় নামকস্থানে তাকে দাঁড়ানোর জন্য
সংকেত দেয়া হয়। সে সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে হাতেনাতে আটক করা হয়। তার শরীরে বিশেষভাবে রাখা পলিথিনের প্যাকেটে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে উক্ত আসামি ও আলামতসহ মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়।
দীর্ঘ শুনানি শেষে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় এই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পি.পি অ্যাড. মো. আব্দুল বাকী এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. মো. মঞ্জুরুল হক।
ইত্তেফাক/জামান