সেনা হত্যা মামলায় স্ত্রীসহ দুইজনের ফাঁসি

 
ময়মনসিংহে সেনা সদস্য মাহবুব হত্যা মামলায় স্ত্রীসহ দুইজনকে ফাঁসি ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদানের আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই রায় প্রদান করেন।
 
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ অক্টোবর আকুয়া খালপাড়স্থ জনৈক আনোয়ারুল ইসলামের ভাড়া বাসার তৃতীয় তলায় মাহবুবের স্ত্রী শিল্পী আক্তার তাকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ান। পরে ওই রাতেই শিল্পী আক্তার ও প্রেমিক রেজাউল হক ওরফে রেজা ঘুমন্ত অবস্থায় মাহবুবকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করে এবং দুইজনে মিলে মাহবুবের মুখে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিত করে।
 
পরে নিহত মাহবুবের ভাই মেহেদী হাসান জুয়েল শিল্পী আক্তার ও প্রেমিক রেজাউল হক ওরফে রেজাকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতে আসামিরা ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পুলিশ তাদের গ্রেফতার করে হাজতে প্রেরণ করে। জামিন নিয়ে আসামিরা আর আদালতে হাজির না হওয়ায় পলাতক অবস্থায় তাদের বিরুদ্ধে এই ফাঁসির আদেশ প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষে এপিপি আবুল কালাম ও আসামি পক্ষে অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার এ মামলাটি পরিচালনা করেন।
 
ইত্তেফাক/জামান