১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও শোকাবহ আগস্টে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রবিবার যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা করেন।
বিবৃতিতে তারা বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাবিদুর দিন ‘১৫ আগস্ট। এ দিনে আমরা হারিয়েছি জাতির শ্রেষ্ঠ সম্পদ, আমাদের মহান শিক্ষক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকরা সেদিন শুধু জাতির পিতাকে হত্যা করেই ক্ষান্ত হয় নাই ওদের নির্মম বুলেট আমাদের মাঝ থেকে কেড়ে নেয় জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব, বঙ্গবন্ধু তনয় শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোজী জামাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী বেগম আরজু মনি, বঙ্গবন্ধু মন্ত্রীসভার অন্যতম সদস্য কৃষক নেতা আব্দুর রব সেরনিয়াবাত, কর্নেল জামিলসহ অনেককে।
প্রতি বছর শোক বিহ্বল বাঙালি জাতি এ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয় নিয়ে শোকাচ্ছন্ন পুরো আগস্ট মাস বিভিন্ন কর্শসূচির মধ্য দিয়ে পালন করে আসছে।
যুবলীগের সকল শাখাকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলন, শোক মিছিল, শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়।
ইত্তেফাক/ইউবি