ঘুমের ঘোরে মাকে খোঁজে শিশু সানিন

চকবাজার ট্র্যাজেডি, ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

ইত্তেফাক রিপোর্ট

‘মাকে চাই, মায়ের কাছে যাব।’ মাকে এভাবে খুঁজে ফেরে শিশু সানিন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মায়ের কোলে চড়ে আদর খাওয়াই ছিল শিশু সানিনের প্রধান চাওয়া। মা’ই ছিল তার সবচাইতে আপন বন্ধু। কিন্তু সেই মা ছাড়া মেয়েটা আজ অসহায় হয়ে গেছে। যার কথার ধ্বনিতে ঘর মেতে থাকত। আজ সে প্রায় বাকরুদ্ধ। তার মায়ের লাশটি পর্যন্ত আমরা এখনো পাইনি। চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে হতাহত ব্যক্তিদের পরিবারগুলো আর্থিক ক্ষতিপূরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে পাঁচ বছরের শিশু বিবি মরিয়ম সানিনকে নিয়ে দাঁড়িয়ে এ কথাগুলো বলছিলেন বাবা জহিরুল হক সুমন।

গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বেশ কয়েকটি সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) সভাপতি সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে চলতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। কোনো কোনো পরিবার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম দুর্দশায় পড়েছে। শুধু দায়ী ব্যবসায়ী বা ভবনের মালিকদের বিচার করতে হবে তা না, যেসব সংস্থার অবহেলার কারণে এই অব্যবস্থাপনাগুলো চলছিল, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

এসময় হতাহত ব্যক্তিদের স্ত্রী, বাবা, মা, ভাই ও সন্তানেরা বক্তব্য দেন। নিহত ব্যক্তিদের ছোট ছোট সন্তানও মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন থেকে ভুক্তভোগীরা বেশকিছু দাবি তুলে ধরেন।

নিহত মোহাম্মদ শাহীনের স্ত্রী ময়না বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর তিন সন্তানকে নিয়ে পথে বসার উপক্রম হয়েছে তার। এমন কোনো আত্মীয়-স্বজন তার নেই, যারা তাকে আর্থিকভাবে সহায়তা করতে পারেন, পাশে দাঁড়াতে পারেন।

সানিনের বাবা জহিরুল হক বলেন, দুই মেয়ে নিয়ে আজ আমি দিশেহারা। ছোট মেয়ের বয়স এখন ৫ মাস। সে তো এখনো কিছু বোঝে না। ছোট মেয়েটা ওর খালাদের কাছে থাকে। মাঝে মাঝে কান্না করে উঠলে কিছু সময় পর চুপ হয়ে যায়। কিন্তু বড় মেয়ে মরিয়মকে (৫) কিছুতেই মানানো যায় না। ঘুমের ঘোরে বলে ওঠে মার কাছে যাব, মা কই বলে কান্না করতে থাকে। মাঝে মধ্যে বাসা থেকে বের হয়ে যায় মাকে খুঁজতে। বাধ্য হয়ে তখন তাকে ঘরে আটকে রাখতে হয়। কিভাবে বুঝাব ওর মা বেঁচে নেই। গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মরিয়মের মা (বিবি হালিমা শিলা) নিহত হয়। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন,ঘটনার দিন সন্ধ্যার দিকে ছোট মেয়ের জন্য ওষুধ কিনতে গিয়ে আর ফিরে আসেনি। এখন পর্যন্ত আমার স্ত্রীর লাশ আমরা পাইনি। লাশ পেলেই মনকে সান্ত্বনা দিতে পারতাম।