সাভারের সরকার দলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানকে শোকজ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
রবিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘তিনি একটি পত্রিকায় ইন্টারভিউ এবং রিঅ্যাকশন দিয়েছিলেন। সেটা আমরা খুব সিরিয়াসলি পার্টিতে নিয়েছি এবং তাকে এ বিষয়ে শোকজ করেছি।’
সম্প্রতি একটি পত্রিকাকে দেয়া সাক্ষাত্কারে ডা. এনামুল রহমান বলেছিলেন, ‘সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারও টু শব্দ করার সাহস নেই। পাঁচজনকে ক্রসফায়ারে দিয়েছি, আরো ১৪ জনের লিস্ট করেছি। এখন সব ঠান্ডা। লিস্ট করার পর যে দু’একজন ছিল তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না। আমরা ভালো হয়ে যাবো।’
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন এনামুর রহমান।
ইত্তেফাক/এএম।