নির্বাহী বিভাগের কোনো দূরত্ব সৃষ্টি হয়নি : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের যুদ্ধ চলছে না। বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের কোনো দূরত্বও সৃষ্টি হয়নি। কিন্তু মনে হচ্ছে দুই বিভাগ এন্টার্কটিকা আর ভূমধ্যসাগরের মতো দুই প্রান্তের। আসলে দূরত্ব বলে কিছু নেই। যা আছে তা হলো কিছু সমস্যা। সেটা আবার বিচারিক সমস্যা নয়। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। 
 
রবিবার বিকেলে যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনের পর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
জেলা জজ কোর্ট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী গত ৭ জুলাই বিচারপতি নাজমুন আরা সুলতানার বিদায়ী অনুষ্ঠানের প্রসঙ্গ উল্লেখকালে বলেন, অর্থ মন্ত্রণালয়ের সাথে সুপ্রিম কোর্টের সরাসরি যোগাযোগ হয়। উনাদের বাজেট উনারাই খরচ করেন। এমনকি এ বাজেট সংসদেও উত্থাপন করা হয় না। আইন মন্ত্রণালয়ের কাজ শুধু উন্নয়ন করা। যেহেতু আইনের শাসনের ভিত ম্যাজিস্ট্রেট আদালতে শুরু হয়ে জজ কোর্ট পর্যন্ত বেশি, তাই নজর এদিকেই একটু বেশি। তাই বলে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের উন্নয়নেও আমরা চোখ বন্ধ করে রাখিনি। হাইকোর্টের অ্যানেক্স ভবন নির্মাণ, পুরাতন ভবন রেনোভেট করা, দুই ভবনের মধ্যে ওভারব্রিজ নির্মাণ আমরা করেছি। ৪ তলা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণের কাজও শিগগিরই করা হবে। 
 
সিনিয়র জেলা ও দায়রা জজ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম এমপি, কামরুল লায়লা জলি এমপি, আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জিএমএম কামাল পাশা, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ আবদুর রাকিব, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহমেদ শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
 
এর আগে দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিতর্ক গণতন্ত্রকে শক্তিশালী করে। এ ক্ষেত্রে কারও সঙ্গে কোনো দূরত্ব সৃষ্টির সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অনেক দূর এগিয়েছি। আইন শাসন শক্তিশালী করণে আরও কাজ করা হচ্ছে।
 
তিনি আরো বলেন, অনেকবার গণতন্ত্র আঘাতপ্রাপ্ত হওয়ায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা বাঁধাগ্রস্ত হয়েছে। এজন্য শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে সুসংহত ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। ভবিষতে যাতে কেউ যেন আইনের ট্যাম্পারিং করতে না পারে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।
 
জেলা আইনজীবী সমিতি সভাপতি শরীফ আবদুর রাকিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর আগে মন্ত্রী সকালে জজ আদালত চত্বরে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।  
 
ইত্তেফাক/ইউবি