নোবিপ্রবি'তে ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা

 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রবিবার ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪৪ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ব্যয় সংবলিত প্রস্তাবিত অনুন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সাধারণ কার্যক্রম পরিচালনার জন্য আগামী এক বছরের ব্যয় হিসাব এ বাজেটে অন্তর্ভুক্ত। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট পেশ করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, বিভিন্ন অনুষদ সমূহের ডিন, ইন্সটিটিউট সমূহের পরিচালক, রেজিস্টার, দফতরসমূহের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টর এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
প্রস্তাবিত বাজেটে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৩ লাখ টাকা। বেতন-ভাতা বাবদ বরাদ্দ ২৩ কোটি টাকা যা মোট বাজেটের প্রায় ৫২ শতাংশ। সাধারণ আনুষঙ্গিক খাতে ৯ কোটি ৪০ লাখ টাকা যা বাজেটের ২১ শতাংশ। এছাড়া মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসন (রক্ষণাবেক্ষণ) কার্যক্রমের জন্য ব্যয় হবে এক কোটি ৭৫ লাখ টাকা।
 
প্রতিবারের ন্যায় এবারও বাজেটের আয়ের উৎস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুদান ও নিজস্ব আয়। এবার ইউজিসি দেবে ৩৮ কোটি আর বাকি ৬ কোটি ১০ লাখ টাকা আসবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ উৎস থেকে। অভ্যন্তরীণ আয়ের উৎস হচ্ছে শিক্ষার্থীদের নিকট থেকে আদায় করা ফি, দালান ও ভূসম্পত্তি  থেকে আয় ও বিবিধ প্রাপ্তি।
 
ইত্তেফাক/জামান