দর্শকপ্রিয় নাট্যাভিনেতা ও নাট্য নির্দেশক সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় ঈদ বিশেষ নাটক ‘সোনা বানু’তে অভিনয় করলেন অভিনেত্রী শারমীন জোহা শশী। গত শনিবার শশী এই নাটকটির কাজ শেষ করলেন।
এতে তিনি জাহানারা চরিত্রে অভিনয় করেছেন। গত ঈদেই নাটকটি প্রচার হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নিজের কাজ নিয়ে নিজেই সন্তুষ্ট ছিলেন না সালাহউদ্দিন লাভলু। যে কারণে শশীকে নিয়ে আবারও কয়েকটি দৃশ্য ধারণের কাজ শেষ করলেন লাভলু। এবার কোরবানির ঈদে ‘সোনা বানু’ নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শশী বলেন, ‘লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করতে সবসময়ই আমি ভীষণ উপভোগ করি। যে কারণে তার নির্দেশনায় কাজ করার ডাক পেলে আমি একবাক্যে হ্যাঁ বলে দিই। কারণ তার কাজের প্রতি রয়েছে আমার অগাধ বিশ্বাস। তিনি এমনই একজন নির্মাতা যার নির্দেশনায় নির্দ্বিধায় কাজ করা যায়। প্রতি নাটকেই তার কাছ থেকে অনেককিছু শেখারও সুযোগ থাকে। সোনা বানু নাটকে আমার চরিত্রটি নিয়ে আমি দারুণভাবে আশাবাদী।’
এদিকে শশী গতকাল থেকে মানিকের নির্দেশনায় ‘প্রিয়তমেষু’ নাটকের কাজ শুরু করেছেন। এছাড়া তিনি অঞ্জন আইচ, মুসাফির রনি, মিজানুর রহমান লাবু, শামীম জামান, সম্রাট ও শাহাদাত হোসেন সুজনের নির্দেশনায় নাটক-টেলিফিল্মে অভিনয় করবেন।
ইত্তেফাক/আনিসুর