নির্বাচনে জয়ের দাবি মাদুরোর, বিক্ষোভের ডাক বিরোধীদের

ভেনেজুয়েলায় নির্বাচন নিয়ে সহিংসতায় নিহত ১০

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংবিধান সংশোধনের জন্য নতুন পরিষদ গঠনের নির্বাচনে জয়ের দাবি করেছেন। বিরোধীরা এই নির্বাচনকে ‘প্রতারণা’ বলে উল্লেখ করে আবারো বিক্ষোভের ডাক দিয়েছেন। এদিকে নির্বাচন নিয়ে বিক্ষোভ ও সহিংসতায় দেশটিতে গত শনি ও রবিবার ১০ জন নিহত হয়েছেন।
 
রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ভেনেজুয়েলার ৪১.৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে। নির্বাচনে বিজয় দাবি করে কারাকাসের কেন্দ্রস্থলে শত শত সমর্থকের উদ্দেশে দেয়া এক ভাষণে মাদুরো বলেন, ‘আমাদের একটি সাংবিধানিক পরিষদ রয়েছে।’ তার রাজনৈতিক গুরু সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ক্ষমতায় আসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভেনিজুয়েলার ১৮ বছরের বিপ্লবের ইতিহাসে দেশটিতে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় ধরণের নির্বাচন।’
 
ভেনেজুয়েলার বিরোধীদলগুলো এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে আবারো বিক্ষোভের ডাক দিয়েছে। বিরোধীদলের অন্যতম শীর্ষ নেতা হেনরিক ক্যাপ্রিলেস বলেন, ‘আমরা এই প্রতারণামূলক প্রক্রিয়াকে স্বীকৃতি দিবো না।’ বিরোধীরা এ ভোটকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বলে অভিহিত করে ভোট বয়কট করেছিল। তবে সরকার বলছে, দেশে কয়েক মাসের সহিংস বিক্ষোভের পর ভোটের মাধ্যমে একটি সাংবিধানিক সুপ্রিম পরিষদ গঠন করাটাই শান্তি ফেরানোর একমাত্র উপায়।
 
এদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে ভেনেজুয়েলায় বিক্ষোভ ও সহিংসতায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জন নিহত হওয়ার কথা জানা গেছে।  ভোটের আগে শনিবার রাতে গুলিতে নিহত হন নির্বাচনের এক প্রার্থী আইনজীবী জোসে ফেলিক্স পিনেদা। অন্যদিকে, বিক্ষোভ চলাকালে গুলিতে নিহত হন বিরোধীদলের যুব বিষয়ক সেক্রেটারি রিকার্ডো ক্যাম্পোস।  
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো গত শনি ও রবিবার দেশটিতে সব মিলিয়ে ১০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে। রবিবার ভোট শুরুর আগে বিক্ষোভকারীরা বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানী কারাকাসের রাস্তা অবরোধ করে রাখে। নির্বাচনী পরিষদের প্রধান জানিয়েছেন, দেশের কয়েকটি স্থানে ভোটিং মেশিনে হামলা হয়েছে এবং সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত চারমাস ধরে বিক্ষোভ-সহিংসতায় ভেনেজুয়েলায় এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। বিবিসি ও রয়টার্স।
 
ইত্তেফাক/সাব্বির