রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় র্যাবের চেকপোস্টে এ ঘটনা ঘটে। র্যাব জানিয়েছে, নিহত নাঈম (৩৫) ও জামাল (৩৮) আন্তঃজেলা গাড়ি চোরাই চক্রের সদস্য। এ সময় তাদের কাছ থেকে চোরাই গাড়ি, বিদেশি পিস্তল, রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-৩ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, আমরা বেশ কিছুদিন ধরে গাড়ি চুরির একটি চক্রকে ধরার জন্য তদন্ত ও অভিযান পরিচালনা করে আসছিলাম। ভুক্তভোগীদের অভিযোগ ও তদন্তে জানা গেছে, চক্রটি কখনো গাড়ি চুরি, কখনো গাড়ি ডাকাতি করত। এরপর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে গাড়ি ফেরত দেওয়ার কথা বলে টাকা দাবি করত। কিন্তু টাকা নিয়েও গাড়ি ফেরত দিত না। চক্রটি রাজধানীর রায়েরবাজার, মাদারিপুর, টঙ্গী, কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে বেশ কিছু গাড়ি চুরি করে।
র্যাবের এ কর্মকর্তা আরো বলেন, হানিফ ও লিটন নামে আন্তঃজেলা গাড়ি চোরাই চক্রের দুই সদস্যকে বৃহস্পতিবার রাতে গাজীপুর থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারি, ওই চক্রের একটি গ্রুপ ঢাকায় আসছে। ওই খবরে আমরা ঢাকার দুই জায়গায় চেকপোস্ট বসাই। শুক্রবার ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার চেকপোস্টে এদের একটি দলকে দাঁড়াতে বললে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে গাড়ি চোর চক্রের ওই দুই সদস্য গুলিবিদ্ধ হয়।