শিশুসাহিত্যের ধ্রুপদী রূপকার সুকুমার রায়ের ‘অবাক জলপান’ নাটক মঞ্চস্থ করলো শিশুরা। এ নাটক দিয়েই যাত্রা শুরু করলো ‘শিশু একাডেমি থিয়েটার’। যার প্রথম প্রযোজনা ‘অবাক জলপান’র উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হলো গতকাল। শুধু নাটকই নয় সুরের মূর্ছনায় তবলায় লহরী পরিবেশন করে দর্শকদের তাক লাগিয়ে দেন শিশু একাডেমির চট্টগ্রাম জেলার শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যায় শিশু একাডেমি মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন রামেন্দু মজুমদার, মাসুম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত সুকুমার রায় নির্বাচিত শিশু সাহিত্য ২য় খণ্ড বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদমান সারার জায়ান, ইয়ারির ইবনে আমিন, জান্নাতুল ফেরদৌস মীম, ওয়ামিয়া বিনতে ফারুক জিদনী, সৈয়দা নাবিলা হক, আবরার তাসিন প্রমুখ। নাটকটির নির্দেশনা দিয়েছেন মাসুদ রানা।
শিল্পকলায় উদীচীর ‘বৌ-বসন্তি’
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হলো উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নাটক বিভাগের প্রযোজনা ‘বৌ-বসন্তি’। এটি এ নাটকের ৫৫তম প্রদর্শনী। অধ্যাপক রতন সিদ্দিকী রচিত ও আজাদ আবুল কালাম নির্দেশিত নাটকটির সময়কাল ১৯৭১ সাল। যখন পূর্ব পাকিস্তান ছিল তখনও স্বাধিকার প্রমত্ত বাঙালি ছিল। আর যখন বাংলাদেশ তখনও বাঙালির মধ্যে লুকিয়ে আছে কতিপয় স্বাধীনতা বিরোধী। এই রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষাপটে গ্রামীণ জনপদের জীবন বৈচিত্র্য প্রকাশ পেয়েছে ‘বৌ-বসন্তি’ নাটকে।
উন্মোচিত হলো ‘রক্তাক্ত বাঙালির আগস্ট’
খেলাঘর আসর গাজীপুর জেলা কমিটির আয়োজনে সোমবার উন্মোচিত হলো শিল্পী নুরুজ্জামানের কণ্ঠে নির্বাচিত আবৃত্তি সংকলন ‘রক্তাক্ত বাঙালির আগস্ট’। শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনের মহড়া কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার। বিশেষ অতিথি ছিলেন কবি অসীম সাহা, অধ্যাপক প্রণয় সাহা প্রমুখ। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।
ইত্তেফাক/নূহু