চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কাল রবিবার থেকে নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন মালিকদের বিরুদ্ধে অভিযানে নামছে। সিডিএ’র প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম বলেছেন, বড় অপরাধীদের ধরার ক্ষেত্রে আমরা বেশি আগ্রহী। সেক্ষেত্রে আমাদের সহায়তায় সকলকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে নগরীতে শতকরা ৯৭ ভাগ ভবন অগ্নিনির্বাপণ ঝুঁকিতে রয়েছে।
সিডিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকের মতে, নগরীতে প্রায় শতভাগ ছোট-বড় ভবন নকশা বহির্ভূতভাবে নির্মিত হয়েছে। ঢাকায় বনানীর আরএফ টাওয়ারের অগ্নিকাণ্ডের পর রাজউকের সাথে সাথে সিডিএ নড়ে চড়ে বসেছে। সিডিএ’র পক্ষ থেকে ৪টি টিম বিভিন্ন এলাকায় নিরাপত্তা ঝুঁকি, নক্শা বহির্ভূত এবং ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরিতে নেমেছে।
সিডিএ’র পক্ষ থেকে বলা হয়, ভবন নির্মাণের পূর্বে সিডিএ থেকে নেওয়া ভবনের নকশায় অগ্নি নিরাপত্তা, ভবন উচ্চতাসহ সার্বিক বিষয়গুলো দেখা হবে। ইমারত বিধিমালা-২০০৮ এর বাস্তবায়নের পর সিডিএ থেকে নেওয়া নকশাসমূহে অগ্নিনিরাপত্তা এবং পরিবেশগত দিক ব্যাপকভাবে দেখা হয়েছে। কিন্তু বাস্তবে ইমারত বিধিমালা-২০০৮ এর আইনের ক্ষেত্রে বেশি ব্যত্যয় ঘটিয়ে ভবনসমূহ নির্মিত হয়েছে বলে স্বয়ং সিডিএ’র সংশ্লিষ্টদের অভিযোগ। কারণ বিধিমালা অনুযায়ী পাশে যত জায়গা ছাড়বেন উচ্চতা তত বেশি পাবেন। এক্ষেত্রে দেখা যায়, নকশায় পাসে ছাড় দিয়ে সর্বোচ্চ উচ্চতার অনুমোদন নেওয়া হলেও বাস্তবে পাসে তা না ছেড়েই সর্বোচ্চ উচ্চতার ভবন নির্মাণ করা হয়েছে। তার মূল কারণ হচ্ছে ইমারত বিধিমালা ২০০৮ অনুযায়ী নকশার বাস্তবায়ন হচ্ছে কিনা তা ভালোভাবে দেখার দায়িত্ব সিডিএ এর। ভবনের ভিত্তি নির্মাণ থেকে নির্মাণ কাজ শেষ হওয়ার প্রতিটি ধাপে তদারকি থাকার নির্দেশ থাকলেও বাস্তবে একটিও দেখার নজির পাওয়া যাবে না। কারণ ভবন নির্মাণ শেষে ছাড়পত্র নেওয়ার যে নির্দেশনা রয়েছে তা কেউ নিয়েছে বলেও সিডিএ’র পক্ষ থেকে জানাতে পারেনি। বরং সিডিএ’র প্রভাবশালী কর্তা ব্যক্তিদের নজরের মধ্যে নকশা বহির্ভূতভাবে বড় বড় ভবন নির্মিত হয়ে গেছে। সিডিএ’র পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
সিডিএ’র পক্ষ থেকে বলা হয়, রাজউকের ২৪ জন অথরাইজড অফিসার অথচ সিডিএ’র মাত্র ২ জন অথরাইজড অফিসার। একইভাবে রাজউকের পরিদর্শক যেখানে ১২০ জন। সিডিএ’তে মাত্র ১২ জন। কিন্তু সিডিএ’র এবং বিভিন্ন ভবন মালিকদের মতে কোনো ভবন সিডিএ’র পরিদর্শক কিংবা অথরাইজড বিভাগের অজানায় হয়নি।