শ্রীমঙ্গলে আনন্দ ভ্রমণে বিদেশি কূটনীতিকরা

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার অর্ধশতাধিক কূটনৈতিক দুই দিনের আনন্দ ভ্রমণে গতকাল শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গেছেন। গতকাল দুপুরে হোটেল গ্রান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে পৌঁছালে কূটনীতিকদের ফুল ও মালা দিয়ে বরণ করে নেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও পুলিশ সুপার শাহজালাল, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও হোটেল কর্তৃপক্ষ। এ সময় সেখানে তাদেরকে অভ্যর্থনা জানিয়ে স্থানীয় মনিপুরী নৃত্য পরিবেশন করা হয়। বিকেলে তারা উপজেলার রাধারনগরে জেরিন চা বাগান পরিদর্শন এবং মনিপুরী আদিবাসী পল্লি রামনগরে কুঠিরশিল্প পরিদর্শন এবং রমেশ রাম গৌড়ের বিখ্যাত ৭ রঙের চা পানসহ রাতে গ্রান্ড সুলতানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গতকাল সকাল ৮টায় চারটি বাসে করে কূটনীতিকরা তাদের যাত্রা শুরু করেন। বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের পর্যটনে আকৃষ্ট ও তাদের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতেই পররাষ্ট্রমন্ত্রী এই আনন্দ ভ্রমণের আয়োজন করেছেন। আজ শনিবার কূটনীতিকরা ঢাকায় ফিরবেন।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে সাংবাদিকদের বলেন, তারেক জিয়াসহ বিভিন্ন দেশে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তারেক জিয়ার ব্যাপারে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চলছে।