‘যেকোন প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা রয়েছে’

রাজধানীতে আয়োজিত এক কনভেনশনে বক্তারা বলেছেন, যেকোন প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সক্ষমতা রয়েছে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দু’দিনব্যাপী জাতীয় কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তারা এ কথা বলেন।
 
টেকসই প্রবৃদ্ধির জন্য দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। 
 
বক্তারা বলেন, দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়ার সময় সরকার অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আগাম তথ্য প্রদান করে জনগণকে সচেতন করার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রাণহানী এখন কম হয় বলেও তারা জানান। এ কনভেশনে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। সংসদ সদস্য মমতাজ বেগম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল।
 
দুর্যোগ প্রবণ ঘূর্ণিঝড়, বন্যা, হাওর এলাকা ও পাহাড়ি এলাকা থেকে আগত পনেরশ’ এর বেশী লোক কনভেনশনে অংশগ্রহণ করেন।
 
বক্তারা বলেন, ধারাবাহিকভাবে উৎপাদন ও প্রবৃদ্ধির হার বাড়তে থাকলে দেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে ধনী দেশে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
ইত্তেফাক/এমআই