বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হকের পদত্যাগ দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা উপাচার্য বিরোধী নানা শ্লোগান দেন। এর আগে বুধবার তারা নিজেদের রক্ত দিয়ে উপাচার্য বিরোধী নানা শ্লোগান বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লিখে প্রতিবাদ জানান। এরপর আন্দোলনের টানা ১১ দিনের মাথায় তারা অনশনের কর্মসূচি পালন করেন এবং উপাচার্যের পদত্যাগ করা না পর্যন্ত তাদের নানা কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা গেছে।
এদিকে আজ শনিবার শিক্ষার্থীদের সাথে প্রশাসনের বৈঠকের কথা রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আন্দোলনের অংশ হিসেবেই প্রশাসনের সাথে বৈঠকে বসতে সম্মত হয়েছেন তারা। ঐ বৈঠকে উপাচার্যের পদত্যাগের বিষয়ে যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে। শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য তাদেরকে রাজাকারের বাচ্চা বললেও বিবৃতিতে মিথ্যাচার করছে। অথচ তার বক্তব্যের অডিও শিক্ষার্থীদের মোবাইল ফোনে রয়েছে। সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।
উল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের অবগত না করায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরপর আন্দোলনকারীদের ভিসি ইমামুল হক রাজাকারের বাচ্চা বলায় আন্দোলন আরো বেগবান হয়। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয় শিক্ষার্থীদের। তবে নির্দেশ উপেক্ষা করে ১১ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।