‘চলচ্চিত্র পরিবার ও শিল্পীদের মঙ্গলে কাজ করে যাচ্ছি’

 
অভিনেতা জায়েদ খান ২০০৬ সালে নতুন মুখের সন্ধানে প্রথম নির্বাচিত হওয়ায় চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। প্রথম দিকে জায়েদ খান সহনায়ক হিসেবে চলচ্চিত্রে অভিনয় করলেও ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাংলা ভাই’ চলচ্চিত্রে নায়ক হিসেবে প্রথম পর্দায় হাজির হন।
 
এরপর বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন নায়ক চরিত্রে। এবছরের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত ৩০ জুলাই ছিলো এই অভিনেতার জন্মদিন। দিনজুড়ে ফেসবুকে, মুঠোফোনে, ক্ষুদে-বার্তায় চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই শিল্পী নেতা।
 
রবিবার সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতির সদস্য ও চলচ্চিত্রের সহকর্মীদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন তিনি। ফারুক, মিশা সওদাগর, রোজিনা, অঞ্জনা, চিত্রনায়ক রিয়াজ, শাবনূর, পপি, সাইমন, শান, শিল্পী প্রতীক হাসানসহ চলচ্চিত্রাঙ্গনের আরো অনেকেই উপস্থিত ছিলেন সেই সময়।
 
জন্মদিনের আয়োজন প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘সহকর্মীদের চমকে সত্যিই অভিভূত। সন্ধ্যায় সবাই এসে আমাকে সারপ্রাইজ দিতেই জন্মদিনের পার্টি দেন। এই ভালো লাগার শেষ নেই। সকলের কাছে আমি কৃতজ্ঞ।‘ তিনি বলেন, চলচ্চিত্র পরিবার ও শিল্পীদের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতেও আমার এই ধারা অব্যাহত রাখবো।
 
ইত্তেফাক/আনিসুর