সাবেক মন্ত্রী, এমপি ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মঙ্গলবার ভোর পাঁচটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবন মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে এই রাজনীতিবিদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি-আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের একাগ্র অনুসারী হারুনার রশীদ খান মুন্নু তাঁর দক্ষতা, শ্রম ও মেধা দিয়ে মানিকগঞ্জকে বিএনপির শক্ত ঘাঁটিতে পরিণত করেছিলেন। এ ছাড়া বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা হিসেবে অক্লান্ত প্রচেষ্টায় তিনি দেশে শিল্পকারখানা স্থাপন করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। একজন সত্, আদর্শবান, কর্মনিষ্ঠ ও দক্ষ উদ্যোক্তা এবং মানবহিতৈষী সমাজসেবক হিসেবে বাংলাদেশের মানুষের কাছে তিনি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবেন। হারুনার রশীদ খান মুন্নু নিরলস প্রচেষ্টায় নিজ এলাকায় শিক্ষা ও চিকিত্সার উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল নির্মাণসহ নানা জনকল্যাণমূলক কাজে যে অবদান রেখেছেন, সে জন্য দেশবাসী চিরদিন তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ হারাল তার একজন যোগ্য সন্তানকে, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়।