বাড্ডার কুড়িলে সুপ্রভাত পরিবহনের চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই আবারো বাসা চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর। গতকাল শুক্রবার ছুটির দিনে বাড়ি থেকে একটু দূরের মাঠে ক্রিকেট খেলতে যান আমুলিয়ার গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইবনে তাহছিম ইরাম। খেলা শেষে বেলা সাড়ে ১২ টার দিকে সাইকেলে আমুলিয়ার পূর্ব পাড়ার বাসায় ফেরার সময় ডেমরার স্টাফ কোয়ার্টার সড়কের এক পাশ দিয়ে যাচ্ছিল সে। এরই মধ্যে রমজান পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে বাইসাইকেলটি রাস্তার একপাশে ছিটকে পড়ে এবং বাসের পেছনের চাকা ইরামের মাথার ওপর দিয়ে চলে যায়। এ ঘটনায় ইরামের পরিবারে শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ইবনে তাহছিম ইরাম খেলা শেষে সাইকেলযোগে মোস্তমাঝির মোড় হয়ে বাড়ি ফিরছিল। এ সময় স্টাফ কোয়ার্টার থেকে ছেড়ে আসা রামপুরাগামী রমজান পরিবহনের একটি বাস ইরামকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথার একপাশ থেঁতলে গিয়ে মগজ বেরিয়ে যায়। পরে পুলিশ রামপুরা থেকে বাসসহ চালক শামীম ও হেলপার মুন্না মিয়াকে আটক করে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও কলেজ শিক্ষার্থীরা ডেমরার আমুলিয়া, স্টাফ কোয়ার্টার ও সুলতানা কামাল সেতু এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এতে ডেমরা-রামপুরা ও ডেমরা-যাত্রাবাড়ী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন গ্যারেজে গিয়েও বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। এ সময় ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পুলিশের ডেমরা জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. রবিউল ইসলাম বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে যানবাহন ভাঙচুর করলেও পুলিশের উপস্থিতির পর তারা রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ করে। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিটি করপোরেশনের কথা বলে দুর্ঘটনাস্থলে তাত্ক্ষণিক দুইটি গতিরোধক স্থাপন করা হয়। এ ঘটনায় আটককৃত বাসচালক ও হেলপারের বিরুদ্ধে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
এদিকে খিলগাঁও ফ্লাইওভারে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় তুহিন (১৮) ও নোমান (১৭) নামের দুই বন্ধু নিহত হয়েছে। নিহত তুহিন কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজে ও নোমান কমলাপুর হাইস্কুলের শিক্ষার্থী। গতকাল শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। সবুজবাগ থানার ওসি সোহরাব হোসেন বলেন, রাস্তা ফাঁকা পেয়ে চালক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। মোটরসাইকেলটি খিলগাঁও ফ্লাইওভারে উঠতে গেলে ব্রিজের পাশে আইল্যান্ডে ধাক্কা খায়। এতে চালক ও আরোহী উভয়ই ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।