সহায়ক সরকারের প্রস্তাব ইসিতে দিয়ে লাভ হবে না :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশ্যে বলেছেন, সহায়ক সরকারের প্রস্তাব নির্বাচন কমিশনের (ইসি) কাছে দিয়ে কোনো লাভ হবে না। কারণ সংবিধান সংশোধনের ক্ষমতা ইসির নেই। গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। সরকার তাদের সঙ্গে কোনো আলোচনায় যাবে না।’

মোহাম্মদ নাসিম বলেন, সব দলকে নির্বাচন কমিশন আলোচনার জন্য ডেকেছে। নির্বাচন নিয়ে এমন আলোচনার অনন্য দৃষ্টান্ত কোথাও নাই। সুশীল সমাজসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপ হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নাই। সুস্থ জাতি গঠনের জন্য শিশুকে মায়ের দুধ খাওয়ানোর জনসচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। বর্তমান সরকার শিশু পুষ্টির মানোন্নয়নে যেসব পদক্ষেপ হাতে নিয়েছে তার সুফল ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। গত কয়েক বছরে দেশে মাতৃদুগ্ধ পান করানোর হার অনেকাংশে বেড়ে গেছে। পুষ্টিমান উন্নয়নে বাংলাদেশের সাফল্য ভারত ও পাকিস্তানের তুলনায় ঊর্ধ্বে। যুক্তরাজ্যভিত্তিক জার্নাল ল্যানসেট বাংলাদেশের এই সাফল্যকে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, সরকারের পদক্ষেপের কারণে দেশে মা ও শিশুমৃত্যু হার হ্রাস পেয়েছে ব্যাপকভাবে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাইন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এস কে রায় প্রমুখ বক্তব্য রাখেন।

সিদ্দিকুরের কর্মসংস্থান স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে

নেওয়া হবে :স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিদ্দিকুরের চোখে দৃষ্টি শক্তি ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তার ইচ্ছা অনুযায়ী অপারেশনের ব্যবস্থাও নেওয়া হবে। তাকে সুস্থ করে তোলার জন্য সব ধরনের চিকিত্সা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে শংকর নেত্রালয়ের চিকিত্সদের কাছে। সিদ্দিকুর দৃষ্টিশক্তি ফিরে না পেলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তার চাকরির ব্যবস্থা নিবে সরকার। গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘চিকুনগুনিয়া ২০১৭ ঃ ঢাকা অভিজ্ঞতা’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকুনগুনিয়া রোগটি আমাদের দেশে নতুন বলে এবারের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিতে চাই। ইতোমধ্যে সরকার ভবিষ্যত্ কর্মসূচি প্রণয়ন করেছে।

 বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা প্রমুখ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/নূহু