‘সামরিক শাসনামলে বিধান পুনর্বহালে আমি ব্যথিত’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সামরিক শাসনামলে সংবিধানের ৯৬ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান পুনর্বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই জুডিশিয়াল কাউন্সিলের বিধান সামরিক শাসক জিয়াউর রহমান ও পাকিস্তানের কনসেপ্ট। এটা পুনর্বহাল হওয়ায় আমি ব্যথিত। উচ্চ আদালতের বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিজ কার্যালয়ে এক প্রেস-ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
 
অ্যাটর্নি জেনারেল বলেন, আমার একটি দুঃখ রয়ে গেছে। সেটি হলো সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংযুক্ত হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের আদি সংবিধানে। যেখানে বিচারপতি অপসারণ ক্ষমতা জাতীয় সংসদের হাতে ছিল। পঞ্চম সংশোধনীতে আদি সংবিধানের ৯৬ ধারা সংশোধন করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান অন্তর্ভুক্ত করা হয়।
 
তিনি বলেন, রায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান আপিল বিভাগ পুনর্বহাল করেছে। কিন্তু সংবিধানের যে কোনো ধারা সংশোধন বা বাদ দেওয়া সবটাই সংসদের ব্যাপার। আদালত যদি নিজেই পুনর্বহাল করে দেয় তাহলে সংসদের থাকার কোনো দরকার হয় না। আমার কথা হলো সংবিধানের যে কোনো সংশোধনীকে অবৈধ ঘোষণা করতে পারে আদালত। কিন্তু সংবিধানের কোনো ধারা পুন:স্থাপন বা পুনর্বহাল করা এটা সংসদের কাজ। রিভিউ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ের পরবর্তী বিষয়ে সরকার যে পরামর্শ দেবেন সে মতে কাজ করা হবে।
 
ইত্তেফাক/এমআর